ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে ঝড়ো বাতাস বইছে। এ অবস্থায় লঞ্চ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে।’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করে।

পাটুরিয়ায় বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল আলম বলেন, ‘ঝড়ো বাতাসের কারণে পদ্মা প্রবল উত্তাল হওয়ায় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়া কেটে গেলে পুনরায় লঞ্চ পারাপার স্বাভাবিক করা হবে।’