টাঙ্গাইল ও কক্সবাজারে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন।
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী শিক্ষক দম্পতিসহ একই পরিবারের চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন (৫৪), তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষক শিউলি খাতুন (৪২), নিহত আল আমিনের বাবা মো. সোহরাব আলী (৭৫) ও মা সালেহা বেগম (৭০)।
দুর্ঘটনায় আল আমিনের বোন হাজেরা বেগম ও অটোরিকশার চালক ফেরদৌস তরফদারকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, ভুঞাপুর উপজেলা সদর থেকে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে শহরের দিকে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। আশপাশের লোকজন সিএনজির চালকসহ ছয় আরোহীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতির সময় তারাও মারা যান।
এদিকে কক্সবাজারের রামুতে বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। আহতদের রামু ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রামু থানার ওসি মো. খায়রুজ্জামান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী বাস ইউনিক পরিবহন উল্টে যায়। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত একজন হচ্ছেন রামু জোয়ারিয়ানালা মুহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী জেসমিন আক্তার (৩৫), অন্যজনের এখনও পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত ১৪ জনকে রামু ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।