কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফতেখাঁ গ্রামের ভুক্তভোগী মাদরাসা ছাত্রীকে ধর্ষকের সাথেই বিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার রাতে ১০ লাখ টাকা দেনমোহরে মধ্যে ৯ লাখ ৮৫ হাজার টাকা বাকি রেখে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান, উপজেলার ফতেখাঁ গ্রামের ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর সাথে পাশ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র ধর্ষক সেফারুল ইসলামের(২৫) বিয়ে হয়। উভয় পক্ষের পরিবারের লোকদের উপস্থিতিতে বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য হয়।
ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজী) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘শুক্রবার রাতে উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে বিবাহ রেজিস্ট্রি করেছি এবং রাতেই মেয়েটিকে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে।’
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বিয়ে হওয়ার কথা শুনেছেন বলে জানিয়েছেন।
এর আগে, গত বুধবার দাখিল পরীক্ষার্থী ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সেফারুল ইসলাম জোড়পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে এনে মেয়ের পিতা বাদি হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।