ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুণ্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামে শনিবার সকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে রশিদের সমর্থক নাজমুল ও লতার সমর্থক সবুজের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।