ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই

মামলায় বিলম্বিত মুদ্রণ প্রক্রিয়া

মামলার কবলে পড়েছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই। মোট তিন দফায় পেছাতে হয়েছে এই স্তরের পাঠ্যবই ছাপানোর দরপত্র। যে কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি মুদ্রণ প্রক্রিয়া। বরং এই বই নিয়ে লেজেগোবরে অবস্থা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শীর্ষ কর্মকর্তাদের ‘রহস্যজনক’ পদক্ষেপকে এজন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।

এই স্তরের মোট পাঠ্যবই ৩৯টি। এর মধ্যে এতদিন বাংলা, ইংরেজি ও বাংলা সহপাঠ- এই ৩টি বাজারজাত করে আসছে সরকার। বাকি ৩৬টি বইয়ের কারিকুলাম সরকার তৈরি করে দেয়। পরে তার আলোকে পাঠ্যবই তৈরি করে বেসরকারি প্রকাশকরা এনসিটিবি থেকে অনুমোদন নিয়ে বাজারজাত করেছে। কিন্তু সাম্প্রতিক মন্ত্রিপরিষদ বিভাগের এক সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এবার ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বইটিও বেসরকারি প্রকাশকদের কাছ থেকে এনে সরকারি তত্ত্বাবধানে বাজারজাত করার উদ্যোগ নেয়। কিন্তু প্রকাশকদের সঙ্গে চুক্তি বাতিল না করেই সরকারিভাবে মুদ্রণের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিটিবি। তখন প্রকাশকদের পক্ষ থেকে একজন উচ্চ আদালতে এ ব্যাপারে মামলা করেন। এরপর বিচারাধীন অবস্থায় এনসিটিবি তড়িঘড়ি চুক্তি বাতিল করে। এরপর সংশ্লিষ্ট প্রকাশক ফের আদালতে মামলা করেন। এভাবে উচ্চ মাধ্যমিকের বই নিয়ে মোট দুটি মামলা হয়। ফলে বই মুদ্রণের দরপত্রও তিন দফায় পেছাতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইসিটি বই সরকারি তত্ত্বাবধানে আনার উদ্যোগ বাদ দিয়েই দরপত্র কাজ এগিয়ে নেয়া হচ্ছে। ২৬ আগস্ট সরকারের তত্ত্বাবধানে থাকা আগের তিনটি বইয়ের দরপত্র গ্রহণ কাজ শেষ হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি বইটি তিন বছরের জন্য মুদ্রণের অনুমতি দিয়েছিল এনসিটিবি। চুক্তির দুই বছর ইতোমধ্যে পার হয়েছে। কর্তৃপক্ষ চাইলে এক বছর আগে বইটির চুক্তি বাতিল করতে পারে। সেজন্য সংশ্লিষ্ট প্রকাশককে নোটিশ দিতে পারত। এতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হতো। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সম্মেলনে জেলা প্রশাসকরা অভিযোগ করেছেন যে, বাজারে থাকা বইটি নিম্নমানের। বইয়ের আকারও বড়। তারা মানসম্মত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার পরামর্শ দেন। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, এনসিটিবি আইসিটি বিষয়ে যেসব বই অনুমোদন দিয়েছে, কয়েকজন প্রকাশক তা বিকৃত করে পৃষ্ঠাসংখ্যা বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এনসিটিবি অনুমোদিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম নির্ধারণ করা হয়েছে। তাই এনসিটিবি চাইলে এসব ত্রুটি ধরে শোকজ দিয়ে বইয়ের অনুমোদন চুক্তি বাতিল করতে পারত। প্রয়োজনে চুক্তি বাতিলের ব্যাপারে আইনানুগ পরামর্শও নিতে পারত কর্তৃপক্ষ। কিন্তু ন্যূনতম নোটিশ বা শোকজ এবং চুক্তি বাতিল না করে বিষয়টি আইনি লড়াইয়ে ঠেলে দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অভিযোগ, মূলত বেসরকারি প্রকাশকদের সুবিধা দিতে আইনি ফাঁক রেখে এনসিটিবি সামনে আগায়, যাতে মামলায় আটকে যায় এই বইয়ের সরকারি তত্ত্বাবধানের প্রকাশনা। এতে লাভবান হয়েছে বেসরকারি সংশ্লিষ্টরা। আইসিটি গ্রন্থ সম্পর্কিত দুই মামলার একটির শুনানি আগামীকাল হওয়ার কথা আছে বলে জানা গেছে।

এদিকে করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় গত বছরের তিনটি বই বিক্রি না হওয়ায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিটিবি আরও ৪ মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ২ জুলাই নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট প্রকাশকের চুক্তি আছে। নতুন দরপত্র কার্যক্রমের আগে এ বিষয়টিও নিষ্পত্তি করা হয়নি। ফলে এক্ষেত্রেও আরেকটি আইনি জটিলতা তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে বাংলা, ইংরেজি এবং সহপাঠ- প্রতিটি বিষয়ের ১০ লাখ করে ৩০ লাখ বই মুদ্রণ করতে চেয়েছিল এনসিটিবি। মোট ১০টি লটে দরপত্র ডাকা হয়। কিন্তু মাত্র ৭টি লটে দরদাতা পাওয়া গেছে। ফলে তিন লটে তিন বিষয়ে মোট ৯ লাখ বই এবার মুদ্রণ আটকে গেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন ভর্তির আবেদন করেছে। আরও দুই দফায় আবেদনের সুযোগ আছে। সেই হিসাবে যদি সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীও ভর্তি হয়, তাহলে বাজারে বইয়ের সংকট হতে পারে মোট সাড়ে ১৯ লাখ বই (তিন বিষয়ে)। এই সুযোগে বই নকল হতে পারে। এতে সরকার একটি বইয়েই অন্তত ১ কোটি ১৭ লাখ টাকা রাজস্ববঞ্চিত হবে। তিনটি বইয়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা। কেননা গত বছরও বইপ্রতি এনসিটিবি ১৮ শতাংশ হারে রয়্যালটি পেয়েছে। অবশ্য এনসিটিবি কর্মকর্তা এবং প্রকাশকরা বলছেন, বাজারে হয়তো বইয়ের সংকট হবে না। গত বছর অনুমোদিত বই বাজারে থাকতে পারে। কেউ কেউ নকলও করতে পারে বই। কিন্তু সরকার রাজস্ববঞ্চিত হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা যুগান্তরকে বলেন, করোনা পরিস্থিতির কারণে এই স্তরের পাঠ্যবই মুদ্রণ প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হয়েছে। তবে একাদশ শ্রেণিতে এখনও ভর্তি কাজ শেষ হয়নি। ক্লাস শুরুর আগেই বই বাজারে দেয়া সম্ভব হবে বলে আশা করছি। আইসিটি বই প্রসঙ্গে তিনি বলেন, মামলার কারণে বইটি মুদ্রণের দরপত্র দেয়া যায়নি। এ নিয়ে যথাযথ প্রক্রিয়াই এনসিটিবি গ্রহণ করেছে। আগের বছরের বই সব বিক্রি না হওয়ায় সংশ্লিষ্ট প্রকাশকের সঙ্গে চুক্তির মেয়াদ ৪ মাস বাড়ানো হয়েছে।