ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুমতি জালিয়াতি, ‘দায়সারা’ কাজ প্রতিটি ধাপেই

প্রধানমন্ত্রীর অনুমতি জালিয়াতির মামলায় পুলিশ এখতিয়ার বহির্ভূত তদন্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে।

আদালত চার্জশিটটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন। অথচ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির মতো চাঞ্চল্যকর এমন মামলার প্রতিটি ধাপে সংশ্লিষ্টরা পুরোপুরি ‘দায়সারা’ কাজ করেছেন।

মামলার এজাহার ও চার্জশিট পর্যালোচনা করে দায়সারা কাজের একাধিক প্রমাণ পাওয়া গেছে।

দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) ও সাবেক সিনিয়র জেলা জজ মো. মঈদুল ইসলাম যুগান্তরকে বলেন, মামলার বাদী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রথমত দুদকে অভিযোগ করতে পারতেন। তা না করে তিনি থানায় গেছেন।

দ্বিতীয়ত, থানায় করা মামলার রেকর্ডকারী কর্মকর্তার উচিত ছিল মামলার বিষয়বস্তু পড়ে তা দুদকে পাঠানো।

তৃতীয়ত, মামলার এজাহারে আদালতও জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করেননি। চতুর্থত, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার বিষয়গুলো ভালোভাবে পড়লে তিনি দুদকের তদন্তের এখতিয়ারের বিষয়টি বুঝতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

পঞ্চমত, একাধিক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটও জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করেননি।

সর্বশেষ, আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করেননি। এটি খুব দুঃখজনক। এতগুলো জায়গায় ভুল ধরা পড়ার সুযোগ ছিল। কিন্তু কেউ সেই ভুল ধরেননি। চাঞ্চল্যকর মামলাটির স্তরে স্তরে সংশ্লিষ্টদের গাফিলতি ও দায়সারা কাজের প্রমাণ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ এর ২০ (১) ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন- এ আইনের অধীন ও উহার তফসিলে বর্ণিত অপরাধসমূহ কেবল কমিশন কর্তৃক অনুসন্ধান বা তদন্তযোগ্য হবে।

আর সরকারি সম্পদ বা সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্তৃক দাফতরিক দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধ দুদকের তফসিলভুক্ত। অথচ প্রধানমন্ত্রীর অনুমতি জালিয়াতির মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহায়ক ফাতেমা খাতুন (সরকারি কর্মচারী) এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও এর তদন্ত করেছে পুলিশ।

গত বছরের ২০ জুন গেজেট আকারে প্রকাশিত দুদক বিধিমালা-২০০৭-এর সংশোধনীর ৪ নম্বর ধারায় বলা হয়েছে- আইনের তফসিলভুক্ত কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি থানায় অভিযোগ করতে পারবে। সংশ্লিষ্ট থানা অভিযোগটি পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেটি দুদকে পাঠাবে। তবে আলোচ্য মামলাসহ বেশ কয়েকটি মামলার ক্ষেত্রে তা মানা হয়নি।

এছাড়া দুদক আইন, ২০০৪ এর ২৮(১) ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যা কিছু থাকুক না কেন, এ আইনের অধীন ও উহার তফসিলভুক্ত বর্ণিত অপরাধসমূহ কেবল স্পেশাল জজ কর্তৃক বিচারযোগ্য হবে।

আর আলোচ্য মামলায় পুলিশের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন যুগান্তরকে বলেন, দুদকের সিডিউলভুক্ত অপরাধ হলেই যে দুদকে পাঠাতে হবে এমন কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে দুদকের সিডিউলভুক্ত অপরাধ হলে আমরা দুদকে পাঠাই। আর দুদক তা গ্রহণ করে না।

সেক্ষেত্রে আমাদের তদন্তে কোনো বাধা নেই। জানতে চাইলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে বলেন, দুদকের সিডিউলভুক্ত অপরাধের তদন্ত কমিশনের অনুমোদনক্রমে শুধু দুদকই করতে পারে। অন্য কোনো সংস্থা করলে তা আইনানুগ হবে না।

চার্জশিটে আসামিদের অপরাধ সম্পর্কে সাবেক সিনিয়র জেলা জজ মো. মঈদুল ইসলাম আরও বলেন, অফিস সহায়ক ফাতেমার অপরাধ দণ্ডবিধির ১৬১, ৪৬৬, ৪৭৭এ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, ঘুষদাতাদের দণ্ডবিধির ১৬৫এ ধারা এবং ঘুষদাতাসহ বাকি সবাই ১০৯ ধারায় অভিযুক্ত হবেন।

পুলিশের এখতিয়ারবিহীন তদন্ত ও দায়সারা চার্জশিট : প্রধানমন্ত্রীর প্রদত্ত ‘টিক চিহ্ন’ জাল বা টেম্পারিং করা এবং তা সঠিক বলে ব্যবহার করার অভিযোগে মামলা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (৭) মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে চলতি বছরের ৫ মে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহায়ক ফাতেমা খাতুনসহ তিনজনকে আসামি করা হয়।