ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কালভার্ট ভেঙে তিন উপজেলার মানুষের ভোগান্তি

টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে পার্শ্ববর্তী তিন উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দক্ষিণপাড়া এলাকায় গ্যাড়ামাড়া বিলসংলগ্ন বাসাইল-নাটিয়াপাড়া সড়কে অবস্থিত কালভার্ট ভেঙে যায়।

সরেজমিন জানা যায়, সম্প্রতি উপজেলার সর্বত্রই বন্যার পানি পুনরায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির প্রভাবে বিভিন্ন এলাকার কাঁচা-পাকা সড়ক ডুবে গেছে। সম্প্রতি গ্যাড়ামাড়া বিলে পানি বৃদ্ধির কারণে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের ওই কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সকালে এটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে বাসাইল উপজেলার আদাজান, কাঞ্চনপুর, বিলপাড়া, বালিনা, ভোরপাড়া, হাবলা, মির্জাপুর উপজেলার কূর্নী, ফতেপুর, পাটখাগুড়ী, মহেড়া, ভাতকুড়া, আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া, বর্নীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ যাতায়াত করত। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে এসব এলাকার মানুষের বাসাইল সদরে যাতায়াত বন্ধ হয়ে গেল।

এ ব্যাপারে বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ১৯৯৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে চার মিটার কালভার্টটি নির্মাণ করেছিল। পূর্বেই এ কালভার্টটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। নতুন করে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে এটি ভেঙে গেছে।

উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ইতোপূর্বেই কালভার্টটি ঝুঁকিপূর্ণ ছিল। বাসাইল উপজেলায় নতুন করে বন্যার পানি প্রবেশ করায় কালভার্টটি ভেঙে গেছে। স্থানটি পরিদর্শন শেষে ২০ মিটার সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি জানান।