রাজধানীর ডেমরায় ঢাকা-৫ আসন উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে বুধবার হামলার ঘটনা ঘটেছে।
ইউএনবির সাথে আলাপকালে সালাহউদ্দিন দাবি করেন, নির্বাচনী গণসংযোগ শেষে দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীতে নির্বাচনী প্রচারণা অফিসে ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ২০ নেতা-কর্মী রড ও লাঠি নিয়ে বিনা উস্কানিতে তার গাড়িতে হামলা চালায়।
বিএনপির এ প্রার্থী জানান, তিনি অক্ষত অবস্থায় চলে আসতে পেরেছেন, তবে হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলাকারীরা আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থক ছিল বলে দাবি করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সালাহউদ্দিন।
নির্বাচনী এলাকায় তার সুরক্ষা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।