ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মেনিয়ার আরেকটি জঙ্গিবিমান ধ্বংসের দাবি আজারবাইজানের

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে এসইউ-২৫ জঙ্গিবিমানটি ভূপাতিত করা হয়। খবর আনাদোলুর।

আগের দিন শনিবারও আর্মেনিয়ার এসইউ-২৫ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান।

সর্বশেষ জঙ্গিবিমান ভূপাতিত করা প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, স্থানীয় সময় রোববার দুপুরে আর্মেনীয় বিমানটি জাবরাঈল এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে সাড়ে তিন শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও ১৯৯০-এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকেই ওই ভূখণ্ড ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে আসছে।

তুরস্ক ও ইরানের সরকারও দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। তারা দুপক্ষকেই সংঘাত পরিহার করে রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে বলেছে।