সিলেট ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা সরঞ্জাম ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেনশন সিস্টেম) মেশিন বসানো সম্ভব হচ্ছে না। ফলে ফ্লাইট চলাচলসহ বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। চলতি মাসে চালু হওয়া বিমানের সিলেট যুক্তরাজ্যের সরাসরি ফ্লাইটও রয়েছে এই শঙ্কায়। মূলত একটি সিন্ডিকেটের কারণে নিরাপত্তা উপকরণটি বসানো যাচ্ছে না বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
গত এপ্রিল মাসে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিএফটি) সরেজমিন তদন্ত করে দ্রুত ইডিএসসহ বেশকিছু নিরাপত্তা সরঞ্জাম বসানোর জন্য বেবিচককে (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) শর্ত দেয়। ইতোমধ্যে এর অধিকাংশই বসানো হয়েছে। তবে একটি সিন্ডিকেটের কারণে ইডিএস মেশিন বসানো সম্ভব হয়নি। এ অবস্থায় আগামী নভেম্বরে ফের পরিদর্শনে আসছে ডিএফটি। তখন ইডিএস মেশিনসহ শতভাগ নিরাপত্তা সামগ্রী না থাকলে ফ্লাইট এবং কার্গো চলাচলে ফের নিষেধাজ্ঞা দিতে পারে। একই সঙ্গে ৪ অক্টোবর চালু হওয়া রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চলাচলেও নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্যের প্রভাবশালী ওই প্রতিষ্ঠান।
জানা গেছে, বর্তমানে ডুয়েল ভিউ স্ক্যানার মেশিন, ইডিটি (এক্সপ্লোসিভ ডিটেনশন ট্রেস) মেশিন এবং ডগ স্কোয়ার্ডের মাধ্যমে তল্লাশির বিষয়টি নিশ্চিত করার পর সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, যেহেতু ইডিএস সিস্টেম নেই সেহেতু ৪ পদ্ধতি পুরোপুরি কার্যকর হয়নি। চারটির যে কোনো একটি অচল থাকলেই ফ্লাইট চলাচল বন্ধ করে দিতে পারে। সিলেট বিমানবন্দরের এক শীর্ষ কর্মকর্তা যুগান্তরকে বলেন, যে কোনো বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার জন্য ইডিএস মেশিন বাধ্যতামূলক। যুক্তরাজ্যের ডিএফটি বিশেষজ্ঞরাও আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে এই মেশিন বসানো নিশ্চিত করার শর্ত দিয়েছিল।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা যুগান্তরকে বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত ইডিএস মেশিন বসানোর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ইতোমধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র্রের এলথ্রি’র সঙ্গে চুক্তি হয়ে গেছে। মেশিন ক্রয়ের জন্য এলসি করা হয়েছে। যে কোনো সময় মেশিনটি ঢাকায় এসে পৌঁছানোর কথা। কিন্তু দরপত্রে অংশ নেয়া একটি কোম্পানি কাজ না পেয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিরুদ্ধে সিপিটিইউতে (সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট) মামলা করে প্রক্রিয়াটি বন্ধের চেষ্টা চালাচ্ছে। আজ এ নিয়ে সিপিটিইউতে শুনানি হওয়ার কথা রয়েছে।
বেবিচকের অপর একজন শীর্ষ কর্মকর্তা যুগান্তরকে বলেন, ১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দর উন্নয়নে ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ ১৪ হাজার টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন। এটি প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। কিন্তু একটি সিন্ডিকেট তার অগ্রাধিকার প্রকল্প নিয়েও নানা ষড়যন্ত্র করছে। দেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাধাগ্রস্ত করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মনে করছেন। তার মতে, কোনো কারণে যদি চলতি মাসের মধ্যে ইডিএস মেশিন বসানো সম্ভব না হয় তবে সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এবং কার্গো রফতানি বন্ধ করে দিতে পারে ডিএফটি।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সম্প্রতি বলেছেন, বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোনো আপস চলবে না। কেউ নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না। প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হবে। তিনি বলেন, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতোমধ্যে ফায়ার এলার্ম সিস্টেম, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, ইটিডি, আন্ডার ভেহিক্যালস স্ক্যানিং সিস্টেমসহ সব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। দ্রুততম সময়ে বসানো হবে ইডিএস সিস্টেমও। এ নিয়ে কোনো ছাড় দেয়া হবে না।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পের আওতায় সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৪ হাজার ৯১৯ বর্গমিটারের আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। এ টার্মিনালে ৮টি বিমান একসঙ্গে যাত্রী ওঠানামা করাতে পারবে। এর বাইরে ৬ হাজার ৮৯২ বর্গমিটারের কার্গো ভবন, ২ হাজার ৪১৫ বর্গমিটারের ফায়ার স্টেশন, ২ হাজার ৭৭২ বর্গমিটারের কন্ট্রোল টাওয়ার, ১ হাজার ৩৯৫ বর্গমিটারের প্রশাসনিক ভবন, ৬০৬ বর্গমিটারের মেইনটেন্যান্স ভবন, ২ হাজার ৫২৪ বর্গমিটারের ইউটিলিটি ভবন এবং ৯ হাজার ২৯৯ বর্গমিটারের মধ্যে আবাসিক ভবন, আনসার ব্যারাক, রেস্ট হাউস ও ডরমেটরি নির্মাণ করা হবে।