ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় রড-সিমেন্ট ব্যবসায়ী মিজানুর রহমানের ওপর সম্প্রতি হামলা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মিজানুরের স্ত্রী স্বপ্না বেগম গত ২৯ অক্টোবর মামলা করেছেন।
পুলিশ হামলার ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আমিন হোসেন সাগরকে গ্রেফতার করলেও তিনি এখন জামিনে মুক্ত। বাদীর অভিযোগ, ১০ হাজার টাকা নিয়ে পুলিশ এজাহার লিখে দিলেও সেটি ছিল খুবই দুর্বল। আর দুর্বল এজাহারের কারণেই সাগর ছাড়া পান। তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেও পুলিশ বলছে, তাদের অবস্থান ন্যায়ের পক্ষে। আসামিদের অনেকে জামিনে মুক্ত, বাকিরা পলাতক। মামলার বাদী স্বপ্না বেগম যুগান্তরকে বলেন, আমার স্বামীর ইভা ট্রেডার্স নামে একটি রড-সিমেন্টের প্রতিষ্ঠান রয়েছে।
গত ২৭ অক্টোবর দুপুরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় মাহমুদপুরে হাসেম মিয়ারবাড়ির সামনে তার ওপর হামলা করা হয়। ইউপি সদস্য আমিন হোসেন সাগরের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী আনিসুর রহমান ভুলু, আবদুর রহমান, তাইজুল ইসলাম তাজু, মজিবুর রহমান এবং হান্নান মিয়া ওরফে শান্তসহ অজ্ঞাত আরও ৫-৬ জন রড, জিআই পাইপ এবং হকিস্টিক দিয়ে বেদম মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। দুই পায়ের ৫-৭ জায়গায় হাড় ভেঙে যায়।
এ সময় আমার স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ভুলু। আমার স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় মিজানকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কান্নাজড়িত কণ্ঠে স্বপ্না বেগম বলেন, হামলার পর আমি ফতুল্লা থানায় যাই। পুলিশ প্রথমে খুব আন্তরিকতা দেখায়। পরে এজাহার লেখার সময় একজন পুলিশ সদস্যকে তৎপর হয়ে উঠতে দেখা যায়।
আমার সামনেই ইশারা-ইঙ্গিতে কথা বলছিল। পরে দেখা যায়, তারা এজাহারটি দুর্বলভাবে লেখে। এতে আসামিরা জামিনে বেরিয়ে যান। তিনি বলেন, আমার স্বামী মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। তিনি পঙ্গুত্বের পথে। আমি ন্যায়বিচার চাই। অজ্ঞাত কারণে তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। আমার ফোনও ধরছেন না।
মিজানুর রহমানের বাবা জজ মিয়া যুগান্তরকে বলেন, আমার ছোট ছেলে আলীনুর এলাকায় ২০ বছর ডিশের ব্যবসা করে। তাজুর নেতৃত্বে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী জোর করে আমার ছেলের ডিশের ব্যবসায় নানাভাবে বাধা দিচ্ছিল। এ নিয়ে একাধিকবার থানায় বৈঠক হয়। পুলিশ আমার ছেলের পক্ষে সিদ্ধান্ত দিলেও দুর্বৃত্তরা তার তোয়াক্কা করছিল না। ঝামেলা এড়াতে ছেলে ডিশ ব্যবসার একটি অংশ ওদের ছেড়ে দিলেও তারা সন্তুষ্ট হচ্ছিল না। তারা সবটা চায়। সবশেষ আমার বাড়ির সামনে দিয়ে পয়ঃনিষ্কাশনের ড্রেন করার জন্য আমিন হোসেন সাগর ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন মিজানের কাছে। টাকা না দেয়ায় তার প্রতি ক্ষুব্ধ ছিল সাগর। এই দুই কারণেই মিজানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানতে চাইলে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, মূলত ডিশের ব্যবসার বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। আমরা বাদী বা আসামি কারও পক্ষে নই। তিনি বলেন, পুলিশ এজাহার লিখে দেয় না। বাদীই এজাহার লেখেন। এজাহারে যদি কোনো ভুল বা দুর্বলতা থেকে থাকে, সেটা বাদীর বিষয়। এর সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ যথার্থ নয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, মামলার পরপরই সাগর মেম্বারকে গ্রেফতার করা হয়। তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া আবদুর রহমান এবং হান্নান মিয়া ওরফে শান্ত আগাম জামিন নিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানতে চাইলে আমিন হোসেন সাগর বলেন, হামলার ঘটনা সত্য। কিন্তু এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশ অযথাই আমাকে গ্রেফতার করেছিল। তিনি বলেন, চাঁদাবাজি, হামলা বা কোনো অপকর্মের সঙ্গেই আমার সংশ্লিষ্টতা নেই। আপনি এলাকায় এসে আমার বিষয়ে খোঁজ নিতে পারেন।