ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা সংরক্ষণে জটিলতার শঙ্কা

এ মুহূর্তে দেশের সংরক্ষণাগারগুলো সাড়ে তিন কোটি ডোজ হাম-রুবেলার টিকায় পূর্র্ণ। এগুলো দ্রুততম সময়ের মধ্যে খালি করা না গেলে করোনাভাইরাসের টিকা এলেই সংরক্ষণে জটিলতা হতে পারে-এমন শঙ্কা সংশ্লিষ্টদের।

তাদের আরও অভিমত, ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সারা দেশে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে বিরতি থাকাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। এমন পরিস্থিতির সৃষ্টি হলে সংরক্ষণাগার থেকে হাম-রুবেলার টিকা বের করা সম্ভব হবে না। এতে ২৭২ কোটি টাকার হাম-রুবেলার টিকা নষ্ট হওয়াসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে সাড়ে ৩ কোটি শিশু। পাশাপাশি করোনার টিকা দেশে প্রবেশ করলে তা সংরক্ষণে জটিলতার সৃষ্টি হবে।

সব মিলিয়ে বেশ অস্বস্তিতে আছে স্বাস্থ্য অধিদফতর। তবে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের প্রত্যাশা-টিকাদান কর্মসূচির আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তিনি যুগান্তরকে বলেন, আমরা সবকিছু বিবেচনায় নিয়ে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এমআর টিকাদান কর্মসূচি হাতে নিয়েছি। স্বাস্থ্য কর্মীরা আন্দোলনে থাকলেও সেটি বাস্তবায়ন করা হবে। দেশের মানুষকে জিম্মি করে কেউ কোনো দাবি আদায় করতে পারবে না। এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশ যেমন হামের ঝুঁকিমুক্ত হবে তেমনি কোভিড ভ্যাকসিন এলে সেগুলো রাখতে সমস্যা হবে না।

কোভিড মহামারীর কারণে নির্ধারিত সময়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন না হওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যে কোনো টিকাদান কর্মসূচি ইপিআই পরিচালনা করে থাকে। ইপিআই (এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমুনাইজেশন) বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি। যার লক্ষ্য সারা পৃথিবীর সব শিশুকে এ কর্মসূচির অধীন নিয়ে আসা। এটি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোয় শিশুদের সংক্রামক রোগগুলোর বিরুদ্ধে টিকাদানের মাধ্যমে শিশুমৃত্যু হার কমানোর একটি কর্মসূচি। দেশে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হয়।

জানা গেছে, করোনা মহামারী থেকে মুক্তি পেতে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই কার্যক্রমে কমপক্ষে এক-তৃতীয়াংশ মানুষকে কোভিড-১৯-এর টিকা দিতে হবে। এ ক্ষেত্রে টিকা আসতে শুরু হলে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। রাজধানীর ইপিআই কেন্দ্রীয় সংরক্ষণাগারসহ দেশে বিভিন্ন জেলার সংরক্ষণাগারে একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি টিকা সংরক্ষণ করা যায়। কিন্তু এই সংরক্ষণাগারগুলো বর্তমানে হাম-রুবেলার টিকায় পূর্ণ হয়ে আছে। কোভিড-১৯ টিকা সংরক্ষণ করতে হলে দ্রুত এসব টিকার যথাযথ প্রয়োগ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমাদের দেশে দুই ধরনের তাপমাত্রায় টিকা সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। একটি হল হিমাঙ্কের নিচে ১৫-২০ ডিগ্রি তাপমাত্রা এবং অন্যটি হল স্বাভাবিক দুই থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা। এই দুই পদ্ধতিতে সাড়ে তিন থেকে চার কোটি ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব। এ ছাড়া রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির একটি সংরক্ষণাগার রয়েছে। যেখানে কোল্ড চেইনে টিকা রাখা যাবে। সেখানে প্রায় সমপর্যায়ের টিকা রাখার ব্যবস্থা আছে। সেটি ব্যবহার করলে ভাড়া দিতে হবে। সেই ব্যবস্থাও ইতোমধ্যে নেয়া হয়েছে।

এদিকে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি এমওইউ স্বাক্ষর হওয়ার কথা। এই চুক্তির বলে আগামী ফেব্রুয়ারি/মার্চে দেশে টিকা আসতে পারে। এ ছাড়া কোভ্যাক্স শর্ত অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশে সাড়ে তিন কোটি ডোজ ভ্যাকসিন বা টিকা দেয়ার কথা। যদিও সেগুলো কমপক্ষে তিন থেকে চার কিস্তিতে আসবে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালের আগস্ট মাসে ইপিআই দেশে হামের ঝুঁকি মূল্যায়ন করে। সেখানে দেখা গেছে, দেশের ৬৪ জেলার মধ্যে কমপক্ষে ৩০টি জেলায় হামের প্রাদুর্ভাব দেখা গেছে। এ ছাড়া ২০১৭ সালে হামে আক্রান্ত হওয়ার নিশ্চিত যে তথ্য পাওয়া যায়, তাতে ৪৭ শতাংশ ক্ষেত্রে আক্রান্তরা কখনোই টিকা গ্রহণ করেনি। এ ছাড়া ২৯ শতাংশ মানুষ শুধু এক ডোজ হামের টিকা পেয়েছিল। এতে প্রতীয়মান হয় যে, দেশের শিশুরা হামের ঝুঁকিতে রয়েছে।

ইপিআই সূত্র বলছে, ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে। তাছাড়া হাম পৃথিবীর সবচেয়ে সংক্রমণপ্রবণ রোগ। সেখানে করোনার সংক্রমণ হার আড়াই শতাংশ, সেখানে হামের সংক্রমণের হার ১৫ শতাংশ। ২০১৪ সালে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইনের পর ২০১৫ সালে হামে আক্রান্তের সংখ্যা ছিল প্রতি ১০ লাখে ১ দশমিক ৬ জন। ২০১৭ সালে এটি বেড়ে প্রতি ১০ লাখে ২২ জনে দাঁড়ায়। ২০১৯ সালে এটি ২৯ জনে পৌঁছেছে।

এ প্রসঙ্গে ইপিআই পরিচালক ডা. মো. শামসুল হক যুগান্তরকে বলেন, আমরা ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি দেশে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু করতে চাই। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ৯ মাস থেকে ১০ বছরের তিন কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেয়া হবে। এতে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অন্যদিকে টিকা সংরক্ষণাগারগুলো খালি হবে। সেখানে কোভিডের টিকা সংরক্ষণ করা যাবে। কিন্তু এই মুহূর্তে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন। এতে এমআর ক্যাম্পেইন ও কোভিড টিকা সংরক্ষণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেশে হিমাঙ্কের নিচে ৬০ বা ৭০ ডিগ্রিতে সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, শুধু আমাদের দেশে নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের কোনো সংরক্ষণাগার নেই।