ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকা এখনও ‘বোমার’ মুখে

দেশে বড় কোনো দুর্ঘটনা বা দুর্যোগ হলেই তৎপর হয়ে ওঠে সরকারের সংশ্লিষ্টরা। শুরু হয় তাদের দৌড়াদৌড়ি-হুড়োহুড়ি। গঠন হয় নানা কমিটি ও কমিশন। দেয়া হয় একের পর এক সুপারিশ ও নির্দেশনা। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই থেমে যায় সবকিছু। ঝুলে যায় অধিকাংশ উদ্যোগ। এ যেন একটি ‘স্থায়ী সংস্কৃতি’।

এর ব্যত্যয় ঘটেনি ১০ বছর আগে পুরান ঢাকার ‘নিমতলী ট্র্যাজেডি’র ক্ষেত্রেও। ওই সময় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মরেছিল ১২৪ জন। এরপর সেখান থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু নানা প্রক্রিয়ার অজুহাতে স্থান নির্ধারণের পরও অদ্যাবধি স্থানান্তরিত হয়নি একটিও গুদাম বা কারাখানা।

অথচ এরই মধ্যে (গত বছরের ফেব্রুয়ারি) নিমতলী থেকে এক কিলোমিটার দূরে চুড়িহাট্টায় ঘটে গেছে আরেকটি অগ্নিকাণ্ড। যেখানে মারা গিয়েছিল ৭৮ জন। সেটিও ঘটেছিল রাসায়নিক পদার্থ থেকে। এরপরও টনক নড়ছে না সরকারের সংশ্লিষ্টদের। তারা কেউ এখনও সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না- কবে নাগাদ সরানো হবে এসব কারখানা।

২০১০ সালের ৩ জুন নিমতলী দুর্ঘটনার পর থেকে পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স প্রদান বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কিন্তু লাইসেন্স ছাড়াই ঝুঁকি নিয়েই চলছে রাসায়নিক ব্যবসা। পুরান ঢাকার বিভিন্ন স্থান সরেজমিন ঘুরে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সেখানে ৪ হাজারেরও বেশি রাসায়নিক গুদাম, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কিন্তু সেসবের মধ্যে মাত্র আড়াই হাজারের ট্রেড লাইসেন্স ছিল। সেটাও নিমতলীর আগুনের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে। এরপরও তারা সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা অব্যাহত রেখেছেন। ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও তারা নতুন করে সংযোগ নিয়েছে। অনেক ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন করেছে। আর ভবন মালিকরাও বেশি টাকা ভাড়া পাওয়ায় চুপ থাকছেন। বেশির ভাগ ক্ষেত্রে রাসায়নিক গুদাম, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এখন পুরান ঢাকার ইসলামবাগ, চুড়িহাট্টা, চকবাজার, লালবাগ এলাকায় বেশিসংখ্যক রাসায়নিক কারখানা রয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে বর্তমানে পুরান ঢাকায় কতটি রাসায়নিক গুদাম, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে- তা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নিয়ে ৩টি টিম গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত তথ্য জমা দেবে ওই কমিটি। পুরান ঢাকার জরিপ কাজের নেতৃত্ব দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের পর বছর ধরে চলছে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারাখানা সরাতে নতুন নতুন কমিটি গঠন, আন্তঃমন্ত্রণালয় সভা, নতুন করে নানাবিধ তথ্য সংগ্রহের কার্যক্রম। চুড়িহাট্টার ঘটনার পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩১০ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ‘কচ্ছপ গতিতে’ চলছে এর অগ্রগতি।

জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব যুগান্তরকে বলেন, পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরানোর জন্য এখনও যথেষ্ট গুরুত্ব সৃষ্টি করা সম্ভব হয়নি। এ কারণেই নিমতলী ও চুড়িহাট্টার মতো ট্র্যাজেডির পরও ওই এলাকার বাসিন্দারা রাসায়নিক গুদাম মেনে নিয়েই বসবাস করছে। এটা হওয়ার মূল কারণ সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর অনীহা, অপারগতা ও অনিচ্ছা। সে কারণে এবং লোভের কারণে পুরান ঢাকার বাসিন্দারা রাসায়নিককে সঙ্গে নিয়েই বসবাসে অভ্যস্ত হচ্ছে।

তিনি বলেন, নিমতলীর ঘটনার পর কমিটি গঠন হল, তদন্ত হল, নানাবিধ সুপারিশ দিল কমিটি, প্রধানমন্ত্রী পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে নির্দেশা দিলেন। এরপরও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সেসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর অর্থে সক্রিয় হয়নি। এ কারণে গত বছর চুড়িহাট্টার ঘটনা ঘটল। আবারও যদি এমন ঘটনা ঘটে, তাহলে এসব মৃত্যুর দায় নেবে কে?

রাসায়নিক ব্যবসা সংক্রান্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম যুগান্তরকে বলেন, ‘পুরান ঢাকার রাসায়নিক গুদাম, কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপন করা হচ্ছে। ওই প্রকল্পের জমি অধিগ্রহণ কাজ শেষ হয়েছে। শিগগিরই মাটি ভরাট কাজ শুরু করা হবে। এসব কাজ করতে অর্থছাড় করানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।’

তিনি বলেন, ‘এর বাইরে পুরান ঢাকার রাসায়নিকদ্রব্য সংরক্ষণের জন্য ঢাকা জেলার কদমতলীর শ্যামপুরে ‘উজালা ম্যাচ ফ্যাক্টরি’র ৬ দশমিক ১৭ একর জায়গায় ৫৪টি গুদাম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে কার্যাদেশ দেয়া হয়েছে। কিন্তু সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জায়গায় রাসায়নিকের গুদাম নির্মাণ করা হলে সেনানিবাসে নির্মিতব্য মেরিন ওয়ার্কশপসহ পোস্তগোলা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত হবে। আর গাজীপুরের টঙ্গীতেও ৫৫টি রাসায়নিক গুদাম নির্মাণের জন্যও প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ শিল্প সচিব আরও জানান, ‘পুরান ঢাকা ও টঙ্গীতে আমাদের অস্থায়ী ব্যবস্থাপনা করা হচ্ছে। আর স্থায়ীভাবে ব্যবস্থাপনা করা হয়েছে মূলত মুন্সীগঞ্জের সিরাজদিখানে। দ্রুততম সময়ে ওই কাজটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অনাকাক্সিক্ষত বিস্ফোরক প্রতিরোধবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সিনিয়র সচিব, সচিব এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালের আগে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা স্থানান্তর করা সম্ভব হবে না। সে সময়ের আগ পর্যন্ত সীমিত আকারে ট্রেড লাইসেন্স প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

একই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। সীমিত আকারে লাইসেন্স প্রদান করলেও পুনরায় নিমতলী ও চুড়িহাট্টার মতো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সভায় উপস্থিত সবাই এ ব্যাপারে একমত পোষণ করেন। ওই সভায় আলোচনায় অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বলা হয়, ‘২০১০ সালের ৩ জুন নিমতলী দুর্ঘটনার পর থেকে পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করছে না ডিএসসিসি।

এছাড়া রাসায়নিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সও প্রদান করছে না। আগের লাইসেন্সধারীরা এখনও ব্যবসা করে যাচ্ছে। অথচ তাদের কাছ থেকে কোনো ফি আদায় করা যাচ্ছে না। পুরান ঢাকার রাসায়নিক মজুদাগার ও কারখানাগুলো মুন্সীগঞ্জের সিরাজদিখানে এবং ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে ২০২২ সালের আগে স্থানান্তর করা সম্ভব হবে না। সামনের এ দু’বছর পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীদের কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারিতে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসব আলোচনার পরিপ্রেক্ষিতে পুরান ঢাকার বিদ্যমান রাসায়নিক গুদাম, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে সাময়িকভাবে ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়ে পর্যালোচনা ও বিস্ফোরক জাতীয় দ্রব্যের সঠিক নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি মন্ত্রিসভা কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং, রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোতালেব যুগান্তরকে বলেন, ‘আমরা পুরান ঢাকা থেকে চলে যেতে ইচ্ছুক- এ মর্মে আমাদের সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরও হয়েছে।’ তিনি বলেন, ‘রাসায়নিক শিল্পপল্লীর কাজ শেষ হতো এখনও অনেক সময় বাকি। এজন্য আমরা সেই সময় পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করার অনুরোধ করেছি। দক্ষিণের মেয়র দেবে বলে কথা দিলেও এখনও দিচ্ছে না। আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছি। ব্যাংক লোন নিয়েও নানা জটিলতার সৃষ্টি হচ্ছে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১১ সালের ২০ এপ্রিল ১০ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্বরাষ্ট্র, শিল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা ছিলেন। ওই কমিটি কয়েক দফা বৈঠক করে জানায়, পুরান ঢাকায় ৪ হাজারের বেশি রাসায়নিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলো সরিয়ে নেয়া হবে। ২০১১ সালের ২০ জুলাই গঠিত কমিটি প্রতিবেদন আকারে চূড়ান্ত সুপারিশ জমা দেয়।

ওই সুপারিশে বলা হয়, কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর পাশে ২০ একর জমি অধিগ্রহণ করে, সেখানে ৭ তলাবিশিষ্ট ১৭টি ভবন নির্মাণ করে তাদের সরিয়ে নেয়া সম্ভব। এরপর ২০১৫ সালে প্রকল্প বাস্তবায়ন করতে বিসিক ১ হাজার ৪১৮ কোটি টাকা খরচ করে। ওইসব ভবন নির্মাণের পর রাসায়নিক ব্যবসায়ীরা নানা টালবাহানা করতে থাকে। পরে তারা জানান, তাদের প্লট দিতে হবে।

পরে তিনটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বিসিকের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রায় ৯০০ কোটি টাকা খরচ করে ৩১০ একর জমি অধিগ্রহণ করেছে বিসিক। সেখানে আরও ৭০০ কোটি টাকা খরচ করে মাটি ভরাট, সড়ক ও অন্যান্য অবকাঠামো তৈরির কার্যক্রম চলমান রয়েছে।