ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবি

লিবিয়া উপকূলে আবারও অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭৪ জন মারা গেছেন। নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিলেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার লিবিয়ার খোমস উপকূলীয় এলাকায় ১২০ অভিবাসী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। সেখানে উদ্ধার অভিযান চালায় লিবিয়ার কোস্টগার্ড। ৪৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও মারা যান অন্তত ৭৪ জন। মারা যাওয়াদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮টি নৌকাডুবির ঘটনা ঘটল।

অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম লক্ষ্য থাকে ইতালি। প্রতি বছর বহু মানুষ এ দেশটিতে অবৈধ উপায়ে প্রবেশ করেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ৩১ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশের চেষ্টা করে। যা, গত বছরের চেয়ে ১০ হাজার বেশি।