আততায়ীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহ। শুক্রবার তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ নামে একটি শহরে হামলার শিকার হন তিনি। এসময় তার গাড়িতে প্রথমে বোমা নিক্ষেপ, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলেও শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি এ বিজ্ঞানীকে।
এখন পর্যন্ত কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে ইরানের দাবি, এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা কর্মকর্তাও একই কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হত্যার যোগ্য প্রতিশোধ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানি কর্মকর্তারা।
কে এই মহসিন ফখরিজাদেহ?
পশ্চিমা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির উপায় নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করতেন বিজ্ঞানী ফখরিজাদেহ। যদিও, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।