জাইকা সেই ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশেকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নয়ন সহযোগী হিসেবে জাপান আমাদের পরীক্ষিত বন্ধু।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানির অবকাঠামো উন্নয়নে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক) এর সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই স্মারক সইয়ের অধীনে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়ন করবে জেবিক।
মন্ত্রণালয়ের পক্ষে নসরুল হামিদ, অন্যদিকে জেবিকের পক্ষে ব্যাংকটির ডেপুটি গভর্নর হায়াশি নবুমিৎসু চুক্তিতে সই করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জেবিকের সঙ্গে চুক্তির ফলে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস সাব-স্টেশন, চর বা দুর্গম এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, স্মার্ট মিটার, ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সোলার গ্রিড, উচ্চ ক্ষমতার বিতরণ নেটওয়ার্ক প্রভৃতি উপখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
সমঝোতা স্মারক চুক্তি নিয়ে জেবিক এর ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। বাজারের আকার ক্রমেই বাড়ছে। জাপানি কোম্পানি ও ব্যবসায়ীদের বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। এই সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও জাপান এর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করবে।