ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির সফরের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাম জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সকাল থেকেই বাম জোটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। তারা নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন।

 

এ সময় ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বললে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, আন্দোলনকারীদের হামলায় মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই ওয়াহিদুর রহমান আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।