ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান লকডাউন ১৪ এপ্রিল ভোর পর্যন্ত বহাল

করোনা রোধে চলমান চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

রোববার শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। এ পরিস্থিতিতে ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিকে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল। তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

এর আগে সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করে সরকার। এ সময়ের জন্য ১১ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।