গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বহিরাগতদের হামলায় এক কারারক্ষী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের কামালপুর গ্রামের মো, কুদ্দুস মিয়ার ছেলে মো. নাইম (২০), রাজশাহীর মোহনপুর থানার ফুলসো গ্রামের মো. হালিমের ছেলে আ. করিম (২৫) ও তার ভাই মো. জামান (১৯)।
শনিবার (২২ মে) রাতে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাশিমপুর কারাগারের পূর্বপাশের সীমানা প্রাচীর টপকে শনিবার বিকেলে মো. নাইম, করিম ও জামানসহ ৪-৫ জন ভিতরে প্রবেশ করে। কারাগারের ভিতরে থাকা আমগাছ থেকে আমপাড়ার চেষ্টা করে। এসময়ে কারারক্ষী এরশাদ হোসেন তাদের দেখে ফেলেন। এসময় তাদের আম পাড়তে নিষেধ করলে বহিরাগতরা কারারক্ষী এরশাদকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার মাথা ফেটে যায়। পরে অন্য কারারক্ষীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে কারারক্ষীরা ধাওয়া করে কারাগারের ভিতর থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এঘটনায় কারারক্ষী এরশাদ হোসেন বাদি হয়ে কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাশিমপুর থানার এসআই শওকত ইমরান জানান, আসামিদের রোববার (২৩ মে) সকালে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।