ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণকাজ উদ্বোধন

ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা সদর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে এদিন সুলভ মূল্যে আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার রেলওয়ের আওতাধীন মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা। বাস্তবায়নাধীন পদ্মাসেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে মাগুরা জেলার রেল সংযোগ স্থাপিত হবে।

জানা গেছে, মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হবে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা। এই রেলপথে কামারখালী ও মাগুরায় দুটি নতুন স্টেশন হবে। দুটি স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। এই পথে ২৮টি ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করতে হবে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।