দেশ বিরোধীদের নির্মূল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দিনাজপুরের বিরলে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে করা বাগানের লভ্যাংশ বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপি টিকা নিয়ে রাজনীতি করছে মন্তব্য করে নৌ প্রতিমন্ত্রী বলেন, যারা করোনার টিকা না নিতে জনগণকে ভয় দেখিয়েছে এবং জনগণকে বিভ্রান্ত করেছে, এখন আবার তারাই টিকার জন্য কথা বলে। ভারতের টিকা নিলে শরীরে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে বলে আতঙ্ক ছড়ানো হয়েছিল। সেই আতঙ্ক সৃষ্টিকারীরাই এখন টিকার জন্য উন্মাদ হয়ে গেছেন। এরা কখনোই বাংলাদেশের ভালো চায় না।
চীন-রাশিয়ার সঙ্গে টিকা চুক্তি রুখতে বিএনপি তৎপর ছিল উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন এবং রাশিয়ার সঙ্গে যেন টিকা চুক্তি না হয় সেজন্য বিএনপি গুপ্তচর সেট করেছিল। গোপন নথিগুলো যেন উন্মুক্ত হয়ে যায়, বাংলাদেশ যেন টিকা না পায়, সেজন্য গুপ্তচর সেট করা হয়েছে। কিন্তু সরকার দক্ষতার সঙ্গে শুধু মোকাবিলা নয়, বাংলাদেশকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। সেই নথি যদি প্রকাশ হয়ে যেত তাহলে বাংলাদেশ আজকে চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা পেত না। বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে যেত।
বিরলের ইউএনও জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।