করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জে আরো সাত দিন বাড়ানো হয়েছে লকডাউন। সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়।
লকডাউন চলাকালে সংবাদপত্র, রোগী বহনকারী গাড়ি ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। তবে ট্রেনসহ দূরপাল্লার কোন যানবাহন চলছে না। এমনকি দেশের যেকোনো স্থান থেকেও যানবাহন এ জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো চাপাইনবাবগঞ্জ জেলার ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৭১ শতাংশ।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী জেলায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সরকারকে ভাবিয়ে তুলেছে। এজন্য সীমান্তবর্তী জেলার মানুষের চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম আরোপ করে প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।