ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বিধিবহির্ভূত কোনো কাজ করতে দেয়া হবে না। কেউ যদি করতে চান তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো ছাড় দেয়া হবে না।
শনিবার বরিশাল সার্কিট হাউজে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, নির্বাচন সম্পন্ন করতে একজন প্রার্থীর যে আইনগত অধিকার তা রক্ষা করতে আমরা সব সময় পাশে থাকব। নির্বাচনে প্রার্থীর একমাত্র পরিচয় হচ্ছে তিনি প্রার্থী। তিনি কোন ধর্ম-দল-মত-বর্ণের তা একেবারেই বিবেচ্য বিষয় নয়।

সিইসি বলেন, করোনার প্রকোপ কমলে দেশের ৩৭১টি নির্বাচনী এলাকায় নির্বাচন সম্পন্ন করতে চেয়েছিলাম, কিন্তু করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। ফলে এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হচ্ছে। যেসব এলাকায় করোনার প্রকোপ বেশি, সেসব এলাকায় নির্বাচন আয়োজন না করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করায় আমরা খুলনা, সাতক্ষীরার মতো অধিক সংক্রমিত ১৬৩টি এলাকায় নির্বাচন স্থগিত করেছি।

তবে বরিশাল, মাদারীপুর অঞ্চলে করোনার সংক্রমণ কম হওয়ায় এমন ২০৮টি অঞ্চলে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দার। এতে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খান প্রমুখ।