ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা আসছে বিকেলে

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমানে আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে।
রোববার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

এদিকে, গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।

চীনা দূতাবাস থেকে জানানো হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।