ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস বন্ধে নোটিশ

সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস বন্ধের ব্যবস্থা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান মঙ্গলবার এ নোটিশ পাঠান।

এতে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে এ বিষয়ে রিট করা হবে বলে জানান এ আইনজীবী।

নোটিশের বিষয়ে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অবাধে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যে কারণে সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ জনগণ।’