ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবৈধ মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য জিরো টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এরই মধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে অ্যাকশন প্ল্যানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি দেয়া হয়েছে।
বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে এমপি মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, করোনার মধ্যেও ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা দায়ের করে এক লাখ ১৩ হাজার ৫৪৩ জন অবৈধ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৭৭৪ জন অবৈধ মাদক কারবারির বিরুদ্ধে ৩০ হাজার ৫৮৮টি মামলা হয়েছে।

বিএনপির এমপি সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০৭টি ক্যাডার পদ, ৮২ হাজার ২৬১টি নন-ক্যাডার পদ ও ১০ হাজার ৬১৪টি নন-পুলিশ পদ। দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত জনবল সৃষ্টি করা হয়েছে।

পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলমান উল্লেখ করে তিনি জানান, পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে।