ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তার দুই সঙ্গীসহ নিখোঁজ চারজনের সন্ধান চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন হাফেজ মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
‘সচেতন আলেমদের পক্ষ’ থেকে ডাকা ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আজ এক সপ্তাহ ধরে তরুণ ইসলামী বক্তা ত্ব-হা মো. আদনান নিখোঁজ রয়েছেন। নিজ বাড়ি রংপুর থেকে ঢাকা রওনা দেওয়ার পর আর ফেরেননি তিনি। ত্ব-হা মো. আদনান একা ছিলেন না, সঙ্গে তার গাড়িচালক ও দুইজন সফরসঙ্গী ছিলেন। চারজন মানুষ এভাবে নিখোঁজ হলেন, এ দায় কোনোভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। আমরা অনতিবিলম্বে ত্ব-হা মো. আদনানসহ নিখোঁজদের সন্ধান চাই।
সচেতন আলেম সমাজের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমলার হোসাইন, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।