ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন

যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এই টিকা আগামী এক সপ্তাহের মধ্যে দেশে আসতে পারে।

মঙ্গলবার (২৯ জুন) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হলে ২৭ জুন অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে বলে গত ২৬ জুন এক টুইট বার্তায় জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার সন্ধ্যায় জানা গেছে, মডার্নার এই টিকা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।