ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে আসছে মডার্না ও সিনোফার্মের টিকা

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা আজ শুক্রবার রাতে দেশে আসছে। শুক্রবার ও শনিবার দুদিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।‌

স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে এ টিকা এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এ টিকার চালান গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো জানান, প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ করোনা টিকা আসবে এবং শনিবার (৩ জুলাই) সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা আসবে।

এদিকে এদিন স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, চীনের তৈরি করোনাভাইরাস প্রতিরোধক টিকা সিনোফার্মের প্রথম চালান আগামীকাল (শুক্রবার) রাতে ঢাকায় পৌঁছাবে।