ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ প্রতিষ্ঠানকে চামড়া রফতানির অনুমতি দিলো সরকার

সরকার প্রথমবারের মতো ৫টি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দিয়েছে।
পাঁচটি প্রতিষ্ঠান হলো- কালাম ব্রাদার্স ট্যানারি লিমিটেড, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড, একেএস ইনভেস্টমেন্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত আদেশে এই পাঁচটি প্রতিষ্ঠানকে চামড়া রফতানির এ অনুমতি দেয়া হয়।

গত ১৭ই ও ৩০শে জুন প্রতিষ্ঠানগুলোকে পৃথক আদেশে অনুমতি দেয়া হলেও আজ শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০ লাখ বর্গফুট ওয়েট-ব্লু চামড়া হংকং, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ইতালি, স্পেন, জার্মানিতে ৬টি শর্তে ৫টি প্রতিষ্ঠানকে রফতানির অনুমতি দেয়া হলো।

শর্তগুলো হলো-

১. রফতানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে।

২. এই অনুমতি শুধুমাত্র রফতানির অনুমতি প্রাপ্ত ওয়েট-ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানি সমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে।

৩. রফতানির অনুমতির মেয়াদ ৩০-০৬-২০২২ পর্যন্ত বহাল থাকবে।

৪. জাহাজিকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সকল প্রকার কাগজপত্রাদি এ অধিশাখায় দাখিল করতে হবে।

৫. যে দেশে রফতানির জন্য অনুমোদন প্রদান করা হবে সেসব দেশেই রফতানি করতে হবে।

৬. সরকার যেকোনো সময় ওয়েট-ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।