ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটকরা হলেন— বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- এইচ-৪ এর আবুল হাশেমের ছেলে মো. সাদেক (১৯) এবং থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি-১ এর নুর বশিরের ছেলে মো. ফয়সাল (১৯)।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড ট্রাফিক পুলিশ বক্সের সামনে কক্সবাজার-চট্টগ্রাম পাঁকা রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই স্থানে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মো. সাদেক (১৯) ও ফায়সালকে (১৯) আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে তারা।

র‌্যাবের এএসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।