দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ করোনার টিকা আনতে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। চীন থেকে সিনোফার্মের ৬ কোটি ডোজ নতুন টিকাসহ সব মিলিয়ে সাড়ে সাত কোটি টিকা দেশে আনা হবে।
তিনি বলেন, এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে।
এর আগে, করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ হাসপাতালে আজ থেকেই রোগী ভর্তি করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।