দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন ও রাজধানীর বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ২১৪ জন।
শনিবার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে আজ ৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছে তিন হাজার ৩১২ জন।
এর আগে শুক্রবার দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে এখনো মৃত্যুগুলোর পর্যালোচনা সমাপ্ত করেনি আইইডিসিআর। এমনকি কোনো মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিতও করেনি সংস্থাটি।