ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশত্যাগে কাবুল বিমানবন্দরে প্রচণ্ড হুড়োহুড়ি, নিহত ৫

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। যার ফলে সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

এর আগে বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা সোমবার সকালে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

তবে নিহতরা গুলিতে না ভিড়ের চাপে মারা গেছেন তা স্পষ্ট নয় বলে রয়টার্সকে জানিয়েছেন আরেকজন প্রত্যক্ষদর্শী।

রোববার তালেবান কাবুল দখলের পর থেকেই জনস্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরে। আতঙ্কে দেশ ছাড়তে যেকোনো উপায়ে উড়োজাহাজে উঠতে মরিয়া শহরের বাসিন্দারা।

কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি উড়োজাহাজ। উড়োজাহাজটিতে উঠতে শত শত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। তারা সবাই উড়োজাহাজে উঠতে মরিয়া। উড়োজাহাজটিতে ওঠার সিঁড়ি লোকে লোকারণ্য। কে আগে উঠবেন, তা নিয়ে সিঁড়িতেই চলছে ধাক্কাধাক্কি। অনেকে আবার এর ধার ধারেননি। সিঁড়িতে ঝুলেই পৌঁছানোর চেষ্টা করছেন উড়োজাহাজের দরজায়।

এদিকে যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে দেশগুলো।

চারদিক থেকে ঘিরে ফেলার পর গতকালই কাবুলে ঢুকে পড়ে তালেবান বাহিনী। এর পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী।