ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিত মানুষদের দেয়ার অভিযোগে নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার(২২ আগস্ট) সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আটককৃত রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং তিনি ঐ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
এর আগে শনিবার (২১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ঐ গুচ্ছগ্রামে যাওয়া হয়। সেখানে নারী ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট ও তাদের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগ পাওয়া যায়। এজন্য ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতী চলছে।