ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু চত্বর’ হচ্ছে কাপ্তাইয়ে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু চত্বর’। এ চত্বরে থাকবে বঙ্গবন্ধুর নান্দনিক সব ছবি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ সংলগ্ন বারঘোনিয়া গেইট এলাকায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন চত্বরের কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যে চত্বরটি উন্মুক্ত করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।

চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেই নান্দনিক চত্বরটি নির্মাণ করা হচ্ছে। কাপ্তাই উপজেলায় ‘বঙ্গবন্ধু চত্বর’টি একটি দৃষ্টিনন্দন স্থান লাভ করবে।

চন্দ্রঘোনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, রাঙ্গামাটি জেলা পরিষদ ও চন্দ্রঘোনা ইউনিয়নের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু চত্বর’। চন্দ্রঘোনায় এমন চত্বর এবারই প্রথম। সেপ্টেম্বরের মধ্যে চত্বরের কাজ শেষ করে উদ্বোধন করা হবে।

‘বঙ্গবন্ধু চত্বর’ সম্পর্কে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম. ইসমাইল ফরিদীর জানান, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ের মনোরম চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলের প্রবেশমুখ বারঘোনা গেটে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ধন্যবাদ। ‘বঙ্গবন্ধু চত্বরের’ নির্মাণ কাজ শেষে চন্দ্রঘোনা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলার চেহারা পাল্টে যাবে। পর্যটন স্পটগুলোর শোভা আরো বাড়বে।