ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনীতে জলবায়ু ধর্মঘট

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জলবায়ু ধর্মঘট পালন করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

শুক্রবার ২৭ আগস্ট সকাল ১১টার দিকে ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়ায় এ ধর্মঘট আয়োজন করে সংগঠনটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা শাখার সমন্বয়ক এসজেড অপু, সহ-সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, জলবায়ু যোদ্ধা আশরাফ উদ্দিন, জাহিদ হাসান, নির্মল দেব নাথসহ ইয়ুথনেট ফেনী জেলার সদস্যরা ও এলাকাবাসী।

এসজেড অপু বলেন, ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীরক্ষা বাঁধের একটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে উপজেলার জয়পুর, কিছমত ঘনিয়া, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। ভারত থেকে উৎপন্ন মুহুরী নদীতে বাঁধ দেওয়া হয় এক যুগ আগে। এখন সেই বাঁধই ফুলগাজী, পরশুরামবাসীর কান্নার কারণ প্রতিবছর ভাঙার ফলে। তাই আমিসহ ইয়ুথনেট ও এলাকাবাসীর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে সবার কষ্ট দূর করতে হবে।

এ সময় স্থায়ী বাঁধ প্রতি বছর ভাঙন রোধ, ফসলি জমি নষ্ট, মৎস্য ঘের তলিয়ে যাওয়া, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কসহ সব সড়কের ক্ষতিরোধের দাবি জানানো হয়।