বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
আজ সোমবার সকালে তিনি কক্সবাজার পৌঁছে টেকনাফের চাকমারকুলে রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন। জোলি জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
অ্যাঞ্জেলিনা জোলি সোমবার বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার পৌঁছান। এরপর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন।
তিনি সেখানকার রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন। এ ছাড়া শিবিরগুলোতে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গেও তিনি সময় কাটাচ্ছেন।
এর আগে, রোববার মধ্যরাতে চার দিনের সফরে ঢাকায় আসেন তিনি।
সফর শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার প্রায় ১০ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দুর্ভাগা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করছেন বিশ্বনেতা ও তারকারা। কিছুদিন আগেই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।