ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে ল রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই এর যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারো তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে হেয় করে, অপদস্থ করে। কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে এ আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে।

ল রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।