মানিকগঞ্জে তেল পরিমাপক যন্ত্রে কারসাজি এবং পরিমাণে তেল কম দেয়ার অপরাধে দুইটি ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমাবার বিকেলে জেলার কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ওই দুইটি ফিলিং স্টেশনে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
দন্ডপ্রাপ্ত পাম্পের একটি ধলেশ্বরী ফিলিং স্টেশন এবং অপরটি হলো মিলনস ফিলিং স্টেশন। পাম্পের যন্ত্রের কারসাজির মাধ্যমে তেল কম দেওয়ার কারণে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পাঁচটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় ধলেশ্বরী ফিলিং স্টেশন এ ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মি.লি অকটেন কম পাওয়া যায়। পরিমাপ যন্ত্রের সাহায্যে কারচুপির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান “ধলেশ্বরী ফিলিং এন্ড সিএনজি স্টেশনকে ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে মিতরা বাসস্ট্যান্ডে অবস্থিত ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানেও পরিমাপে কম দিয়ে ভোক্তাদের ঠকানোর বিষয়টি ফুটে উঠে। প্রতি ৫ লিটার এ ১৬০ মি.লি অকটেন ও পেট্রোল পরিমাপে কম পাওয়া যায়। ভোক্তার সাথে পরিমাপে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান “মিলনস ফিলিং স্টেশনকে” ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার জেলখানা গেট এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এ ৫ লিটার অকটেন পরিমাপ করে ৩৪৪ মি.লি অকটেন কম পাওয়া যায়। একই উপজেলার মিতরা বাসস্ট্যান্ডে অবস্থিত মিলনস ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার এ ১৬০ মি.লি অকটেন ও পেট্রোল পরিমাপে কম পাওয়া যায়।
ভোক্তার সাথে পরিমাপে কারচুপির মাধ্যমে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ওই দুই ফিলিং স্টেশনের মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিমাপে কম দিয়ে ভোক্তাকে ঠকানো বন্ধ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন রুমেল
অভিযানে চেম্বার অব কমার্স মানিকগঞ্জ এর পরিচালক মশিউর রহমান, ক্যাব সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবি তুলিপ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা সঙ্গে ছিলেন।