ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আসছে ফাইজারের আরো ২৫ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। এর মধ্যে আজ রাতেই আসছে প্রথম চালানের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক তথ্য বিবরণীতে মাঈদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আজ ও আগামীকালের মোট তিনটি চালানে সব মিলিয়ে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরো ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।