ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে সুইডেন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনপিএফএ

বাংলাদেশ করোনা মহামারি নিয়ন্ত্রণে সুইডেন এমনকি ভারতের চেয়ে ভালো সক্ষমতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনপিএফএ) -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।
আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

বাংলাদেশে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন শেষে আজ পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন ইউএনপিএফএ -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

এসময় মন্ত্রী বলেন, ইউএনপিএফএ প্রতিনিধির নিজ দেশের জনসংখ্যা ৯০ লাখ, সেখানে বাংলাদেশে জনসংখ্যা ২০ গুণ বেশি। অথচ করোনায় মৃত্যু ২ দেশের প্রায় সমান।

করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি বলেন, টিকা নেয়ার ক্ষেত্রে এদেশের মানুষের সাড়া অনেক বেশি। পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত বলেও এই প্রতিনিধি পরিকল্পনামন্ত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, গত ৬ মাস আগে অর্থনীতিতে যে স্থবিরতা ছিল এখন তা করোনাপূর্ব অবস্থায় ফিরে এসেছে। তিনি বলেন, যা দেখছি, পূর্ণমাত্রায় চাঞ্চল্য ফিরে এসেছে।