ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ৫০

তাইওয়ানে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪১ জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টায় স্বশাসিত দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৪০ বছরের পুরনো ওই ভবনটিতে আগুন লাগার পর ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে।

কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল বলে জানিয়েছেন মেয়র চেন চি-মাই।

কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার।