ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গত দেড় বছরে সর্বনিম্ন শনাক্ত-মৃত্যু দেখলো দেশ

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। যা গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় ২, চট্টগ্রামে ১ ও বরিশালে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।