পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে আজ মঙ্গলবার দুপুরে সলিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিনামূল্যে ৩০টি বাইসাইকেল এবং প্রতিবন্ধীদের ১৫টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বাইসাইকেল ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এলজিআরডি’র উপ-পরিচালক সালমা খাতুন।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নায়েক (অব:) এম কাদের, যুগ্ন সম্পাদক আলম মোহাম্মদ ও সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার। এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য আক্তারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফসার আলী।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার প্রদান এবং বাল্য বিবাহ প্রতিরোধে পদক্ষেপ ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল বিতরণ একটি মহতী উদ্যোগ। মেয়েরা শিক্ষায় ছেলেদের চাইতে অনেক এগিয়ে যাচ্ছে। সামাজিক উন্নয়নে আমাদের দেশের মেয়েরা অনেক এগিয়ে। প্রধানমন্ত্রী, সচিব, সেনাকর্মকর্তা, ডিসি, এসপি, র্যাব কর্মকর্তা, সিভিল সার্জন, থেকে শুরু করে দেশের বিভিন্ন উচ্চপদস্থ স্থানে মেয়েরা রয়েছে। বাল্য বিবাহের কারণে মা এবং শিশু অপুষ্টিতে ভোগে। মেয়েদের শুধু সংসার করতে দিব এটা ঠিক নয়, মেয়েদের এগিয়ে যেতে সমাজকে সহযোগিতা করতে হবে। মেয়েরা এবং প্রতিবন্ধীরা এখন আর বাবা মায়ের বোঝা নয়। আজ থেকে তোমাদের অঙ্গিকার হলো বাল্য বিবাহ করবোনা, বাল্য বিবাহ প্রতিরোধ করবো, বাল্য বিবাহ হতে দিবনা। প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীরা এই সমাজের একটি অংশ। শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে সরকারী চাকুরী প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হচ্ছে।