সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বর্তমান সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সংবাদপত্র মালিকদের শীর্ষ সংগঠন ‘নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
দায়িত্ব নেওয়ার পর সংবাদপত্র মালিকদের সাথে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, প্রধানমন্ত্রী সংবাদপত্র শিল্পে বিদ্যমান বহুমুখী সংকট ও সমস্যার কথা গভীর অভিনিবেশ সহকারে শুনেছেন। প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্ট করে বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার; বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা এটি সমুন্নত রাখতে চাই।”
প্রধানমন্ত্রী গণমাধ্যমকে কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং শাসনকার্যের সহযোগী হিসেবে দেখেন।
প্রেস সচিব আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পাঠ ও টেলিভিশন পর্যবেক্ষণের মাধ্যমে জনমতের প্রতিফলন বোঝার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়ে থাকেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, সদস্য এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র সম্পাদক ও মালিকরা উপস্থিত ছিলেন। সংবাদপত্র শিল্পের বিকাশে নীতিগত সহায়তার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।