ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: রাবাব ফাতিমা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, বাংলাদেশ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায় জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাপনাগুলোর সঙ্গে আমাদের বিদ্যমান নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে।
রোববার জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের রিপোর্টের উপর অনুষ্ঠিত এক সাধারণ বিতর্কে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুটিকে সর্বোচ্চ প্রাধিকারভুক্ত এজেন্ডায় রাখা এবং কাউন্সিলের ৪৭তম সেশনে সর্বসম্মতিক্রমে এ বিষয়ক একটি রেজুলেশন গ্রহণ করার জন্য মানবাধিকার কাউন্সিলের প্রশংসা করেন রাষ্ট্রদূত ফাতিমা। মিয়ানমারে নিযুক্ত বিশেষ র‌্যাপোটিয়ার ও স্বাধীন তদন্ত ব্যবস্থার কাজ এবং ভূমিকারও প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গাদের নিরাপদ, স্বপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা এবং মিয়ানমারে তাদের নিজ ভূমিকে বৈষম্য ও নিপীড়নমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপসমূহ অব্যাহত রাখতে কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

মানবাধিকার কাউন্সিল গৃহীত রেজুলেশনে কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায়সঙ্গত, সাশ্রয়ী, সময়োপযোগী এবং বৈশ্বিক প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করে রেজুলেশনটিকে স্বাগত জানান রাষ্ট্রদূত ফাতিমা।

কোভিড-১৯ এর আর্থ-সামাজিক প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণে কাউন্সিলের প্রতি আহ্বান জানান তিনি। দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোকে কোভিড-১৯ ভ্যাক্সিনে ন্যায়সঙ্গত ও সময়োপযোগী প্রবেশাধিকার পাচ্ছে না মর্মে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ প্রসঙ্গে অভিবাসীদের প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ ও তাদের কোভিড ভ্যাক্সিনের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত ফাতিমা জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ও মানবাধিকার সংক্রান্ত রেজুলেশন গ্রহণকে স্বাগত জানান। জলবায়ুজনিত বাস্তুচ্যুতির দিকে বাড়তি মনোযোগ দিতে কাউন্সিলের প্রতি আহ্বান জানান তিনি, যা বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

নারী ও শিশুদের উপর কোভিডের প্রভাবের বিষয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, আমরা উদ্বিগ্ন যে অনেক উন্নয়নশীল দেশে স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে ঝরে পড়ার হার বেড়েছে, এবং মেয়েরা বাল্যবিবাহ, সহিংসতা ও নির্যাতনের উচ্চ ঝুঁকির মধ্যে পড়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের সভাপতি রাষ্ট্রদূত নাজহাত শামীম খান এ রিপোর্ট উপস্থাপন করেন।