ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে: শিক্ষামন্ত্রী

অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি এখনো নীরবে কাজ করছে। স্বাধীনতাবিরোধী চক্রকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বলেন, সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। করোনা পরিস্থিতির জন্য সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের এসপি মিলন মাহমুদ, চাঁদপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মেয়র মো. জিল্লুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাব উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ।