শরীয়তপুর সদর উপজেলার ‘আংগারিয়া’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসমা আক্তার র্যাব-পুলিশের ভয় দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে প্রচার প্রচারণা থেকে বিরত রাখার চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলন করেছেন।
প্রার্থীর নিজ বাড়িতে বৃহসপতিবার ৪ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার বলেন, নৌকার প্রার্থী আসমা আক্তারের স্বামী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ও র্যাব সদস্য ভাই হান্নান মোড়লের প্রভাব খাটিয়ে আমার কর্মীদের ভোট চাইতে দিচ্ছেন না। আমার আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ও পুড়িয়ে ফেলে। আমার কোন কর্মী গোপনে আনারস প্রতিকের ভোট চাইলে তাদেরকে মারধর করা হয়।
নৌকা প্রতিকের প্রার্থী নিজে উপস্থিত থেকে তার কর্মীদের নিয়ে আমার পোস্টার নামিয়ে ফেলে দেয়। সে ঘোষণা দেয় আমার আনারস প্রতিক পোষ্টারের নিচ দিয়ে সে যাবে না।
তিনি আরো বলেন, ইতোমধ্যে নৌকার প্রার্থীর স্বামী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম পুলিশ ও র্যাব দিয়ে ভোট কেন্দ্র দখল করবে এবং পুলিশ ও র্যাব নৌকার ভোট কেটে দিবে বলে ঘোষণা দিয়েছে।
ডাঃ মনিরুল ইসলাম একজন সরকারী কর্মকর্তা ও ভিন্ন ইউনিয়নের ভোটার হয়ে সে এই ধরণের ঘোষণা কি করে দেয় তা আমার বোধগম্য নয়। তবে আমি আতঙ্কিত।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, নৌকার প্রার্থী ও তার স্বামীর কথামতো ভোট কেটে না নিতে পারে। কয়েকদিন হলো নৌকা প্রার্থী আসমা আক্তারের ভাই র্যাব সদস্য হান্নান মোড়ল নির্বাচনী এলাকায় অবস্থান করছে এবং র্যাব দিয়ে নৌকার ভোট কেটে নিবে ঘোষণা দেন। হান্নান আরও বলেন, আনারস প্রতিকের সমর্থকদের গ্রেফতার করে নিবে। আমার স্ত্রী স্থানীয় মহিলা কর্মীদের নিয়ে ভোট চাইতে গেলে তাকেও হেনস্থা করেছে।
প্রকাশ্যে যারা আমাকে ও আমার প্রতিক আনারসকে সমর্থন করে তাদের ঘর বন্দি করে রাখা হয়েছে। আমি শঙ্কিত যেন নৌকার প্রার্থী ও তার স্বামীর কথামতো র্যাব-পুলিশের প্রভাব যেন নির্বাচনে আমার ইউনিয়নের না পড়ে। সেই দিকে প্রশাসন ও নির্বাচন অফিসার সুদৃষ্টি রাখবেন।