ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের দিন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের জনের মৃত্যু এবং ১৫৪ রোগী শনাক্তের তথ্য জানিয়েছেল স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ২৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।